ঢাকা ১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘আলোকিত মাহে রমাদান’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চ-এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন এস এম জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রমজান মাসকে আনন্দময়, তাৎপর্যপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার জন্য এই আয়োজন করা হয়েছে। পুরো মাসজুড়ে মুগ্ধ মঞ্চ এলাকায় থাকবে বিশেষ সাজসজ্জা, আলোকসজ্জা এবং ধর্মীয় কার্যক্রম।
তিনি আরও বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ পরিবর্তনের পথ সুগম হয়। ন্যায়ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, গজল, নাশিদ ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নাজমুল হাসান কাসেমী, নির্বাহী সভাপতি কেফায়েতুল্লাহ আজহারী, এবং ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে কুরআন তেলাওয়াত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া দোয়া মাহফিল, ইসলামিক আলোচনা, সামাজিক ও মানবিক সহায়তামূলক কার্যক্রমও মাসব্যাপী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দেওয়ালিকায় নিজের অনুভূতি প্রকাশ করে উপস্থিত সবার সামনে নিয়মিত এবং যথাসময়ে নামাজ আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়রা এই কর্মসূচি সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন