জার্মানির রাজধানী বার্লিনে বর্তমানে চলছে এক অভাবনীয় ‘আলু উৎসব’। গত ২৫ বছরের মধ্যে দেশটিতে এবার আলুর সর্বোচ্চ উৎপাদন হওয়ায় টনকে টন আলু বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার মোড় থেকে শুরু করে চিড়িয়াখানা কিংবা দুস্থদের আশ্রয়কেন্দ্র—সবখানেই এখন আলুর ছড়াছড়ি। অতিরিক্ত এই ফলনের পরিস্থিতিকে স্থানীয়ভাবে ‘কার্টোফেল-ফ্লুট’ বা আলুর বন্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। মূলত এক কৃষকের উৎপাদিত বিশাল পরিমাণের আলু বিক্রি না হওয়ায় সেগুলো নষ্ট করার পরিবর্তে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্লিনভিত্তিক একটি সংবাদপত্র ও পরিবেশবান্ধব সার্চ ইঞ্জিন ‘ইকোসিয়া’ এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছে। লাইপজিগের এক কৃষক তার অবিক্রীত ৪ হাজার টন আলু বিনামূল্যে দেওয়ার প্রস্তাব করলে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। জীবনযাত্রার উচ্চমূল্যের এই সময়ে বিনাপয়সায় আলু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বস্তা, বালতি ও হাতগাড়ি নিয়ে সংগ্রহস্থলে ভিড় জমান। গৃহহীনদের আশ্রয়কেন্দ্র, স্কুল, গির্জা এবং বিভিন্ন অলাভজনক সংস্থা এই সুযোগ গ্রহণ করেছে। এমনকি পশুখাদ্য হিসেবে ব্যবহারের জন্য বার্লিন চিড়িয়াখানাতেও কয়েক টন আলু পাঠানো হয়েছে। এর বাইরে মানবিক সহায়তার অংশ হিসেবে দুই ট্রাক ভর্তি আলু পাঠানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে।
তীব্র শীত ও তুষারপাতের মধ্যেও বার্লিনবাসীর মধ্যে এই আলু সংগ্রহকে কেন্দ্র করে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সংগ্রহস্থলে আসা সাধারণ মানুষ একে অপরকে ভারী বস্তা তুলতে সাহায্য করার পাশাপাশি রান্নার নানা কৌশল ও রেসিপি বিনিময় করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন আলুর পুষ্টিগুণ এবং বিভিন্ন মুখরোচক রান্নার রেসিপি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এমনকি সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের বিখ্যাত ‘পটেটো স্যুপ’ তৈরির পদ্ধতিটিও নতুন করে আলোচনায় এসেছে।
তবে এই উদ্যোগের যেমন প্রশংসা রয়েছে, তেমনি কিছু সমালোচনাও তৈরি হয়েছে। স্থানীয় অনেক কৃষক মনে করছেন, এভাবে বিনামূল্যে আলু বিতরণের ফলে বাজারে আলুর দাম আরও কমে যাচ্ছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে পরিবেশবাদীরা একে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীন খাদ্যব্যবস্থার ফল হিসেবে দেখছেন। তাদের মতে, অতিরিক্ত উৎপাদনের ফলে খাদ্য অপচয় রোধে এটি একটি সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদে সঠিক উৎপাদন ব্যবস্থাপনার অভাবকেই এটি ফুটিয়ে তুলছে। সব মিলিয়ে আলুর এই বন্যা বার্লিনের বাসিন্দাদের জন্য যেমন স্বস্তির খবর নিয়ে এসেছে, তেমনি এটি দেশটির কৃষি অর্থনীতির জন্য নতুন এক চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন