উখিয়া ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
উপজেলা ভূমি অফিসে গিয়ে সরাসরি বিভিন্ন ফাইল,ডকুমেন্ট যাচাই এবং তদন্ত করেন
বৃহস্পতিবার ২৪.০৯.২৬ খ্রি. তারিখ উখিয়ায় ভূমি অফিস, রাজা পালং ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। তিনি উখিয়া উপজেলা ভূমি অফিসে গিয়ে সরাসরি বিভিন্ন ফাইল,ডকুমেন্ট যাচাই এবং তদন্ত করেন । এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এবং উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ, ওসি তদন্ত, উখিয়া থানাসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় স্থানীয় সেবা প্রার্থীদের ভোগান্তি, নামজারিতে সময়ক্ষেপন, ঘুষ বাণিজ্য এবং দালালদের উৎপাত নিয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সরাসরি তুলে ধরেন কয়েকজন স্থানীয় সাংবাদিক ও ভূক্তভোগী। তাছাড়াও উখিয়ায় দায়িত্ব প্রাপ্ত এসিল্যান্ড বারবার বদলী হওয়ার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবিষয়ে বিভাগীয় কমিশনারের নিকট সাংবাদিকেরা অভিযোগ করে বলেন উখিয়ায় নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড বদলি হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ নামজারিসহ বিভিন্ন সরকারি সেবা পেতে চরম দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন। একই সাথে উপজেলা সদর ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়নে নিয়মিত দালালদের উৎপাত ও জনসাধারণের হয়রানি বন্ধে সরকারি ‘সিটিজেন চার্টার’ বা তথ্য বোর্ড দৃশ্যমান স্থানে টাঙানোর আহ্বান জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ড উখিয়াকে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। আর অফিসকে কিভাবে দালালমুক্ত রাখা যায়, সেটার মূল দায়িত্ব কিন্তু এসিল্যান্ডের। এসিল্যান্ড যদি তাৎক্ষণিকভাবে কোনো ধরনের অ্যাকশন বা ব্যবস্থা গ্রহণ করেন, তবেই কেবল এই দালালদের উৎপাত বন্ধ করা সম্ভব।" তিনি উপস্থিত সকলকে নিশ্চয়তা দেন যে তিন মাস পর পর আর এসিল্যান্ড বদলি হবেনা । স্থানীয় প্রশাসন আন্তরিক হলে জনদুর্ভোগ ও হয়রানি দ্রুত নিরসন হবে বলে জানান। কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অফিসকে জনভোগান্তি মুক্ত ও দালালমুক্ত করে সেবা প্রার্থীদের হয়রানি না করার জন্য উখিয়ার বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন অচিরেই জনভোগান্তি নিরসনের জন্য উখিয়া উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পরে উখিয়া উপজেলা পরিষদ হল মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।








