ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন আটক
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার কাশিকাপন (১৩ মাইল) এলাকায় মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় ওসমানীনগর থানা পুলিশ।
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার কাশিকাপন (১৩ মাইল) এলাকায় মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় ওসমানীনগর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিকাপন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিদের ধাওয়া দেওয়া হলে তারা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।পরে ওসমানীনগর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় প্রথমে তিনজনকে আটক করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হয়। একই সময়ে তাজপুর বাজার ও দয়ামীর এলাকায় স্থানীয় লোকজন আরও চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সব মিলিয়ে এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়।পুলিশের হাতে প্রথমে আটক তিনজন হলেন- জালালাবাদ থানার টুকেরবাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতোয়ালি থানার শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং দক্ষিণ সুরমা থানার পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)।পরবর্তীতে আটক অপর চারজন হলেন-জালালাবাদ থানার কাজিরগাঁও (বাদাঘাট) এলাকার আহমদ আলীর ছেলে সুফিয়ান আহমদ (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়াকাপন গ্রামের আবেদ আলীর ছেলে রুহেল আরমান (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার আশুরাইল গ্রামের মিজান মিয়ার ছেলে রমজান হোসেন (২৬) এবং সিলেটের শাহপরান থানার জনাব আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৫)।এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মশাল মিছিলের প্রস্তুতির ঘটনায় প্রথমে তিনজনকে এবং পরে আরও চারজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।








