সারাদেশ

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

⎙ প্রিন্ট
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
⌖ কিশোরগঞ্জ সদর
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপ।
এতে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাকিম মো. ফজলুর রহমান, বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাজন আহমেদ পাপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান, বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব, করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বিপ্লব এবং পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব ও শ্যামবাজারের জেলা প্রতিনিধি মো. আফসার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সকালের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার ফায়জুল ইসলাম, সরেজমিন বার্তার কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম, মানবাধিকারকর্মী ফরিদ উদ্দিন, এসকে বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক উন্নয়নের বাংলাদেশে পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এফএম আব্বাস উদ্দিন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল মিয়া, দৈনিক জনতার প্রতিনিধি মিজানুর রহমান, জনতার শক্তির প্রতিনিধি সুজন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের নেতারা যৌথভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
বিএমইউজের কেন্দ্রীয় নেতাদের নিন্দা, তিন দফা দাবিসাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি আলহাজ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে কিংবা স্বাভাবিক চলাচলের সময় একজন তরুণ সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা শুধু নৃশংস হত্যাকাণ্ড নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ঘটনা দেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেছে।
বিএমইউজের নেতারা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধীদের পাশাপাশি মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান; এবং মফস্বলসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
যেভাবে নিহত হন সাংবাদিক আলিফপ্রাপ্ত তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোণার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। তিনি একটি বেসরকারি আইপি টেলিভিশনে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
বিএমইউজের নেতৃবৃন্দ নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সম্পর্কিত সংবাদ