সারাদেশ

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

⎙ প্রিন্ট
সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। প্রশাসনের দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস পূরণ না হওয়ায় পুনরায় এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে সাজেক পর্যটন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

অবরোধ চলাকালে বাঘাইহাটের ১০ নম্বর এলাকা, গঙ্গারাম ব্রিজ এবং মাচলঙের ১৪ কিলো এলাকাসহ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা।

জানা যায়, গত ১১ অক্টোবর তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি। পরে প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা দাবি করেন, মাচলঙের বিভিন্ন এলাকায় জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো অবস্থান করছেন এবং স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

বিবৃতিতে চিল্ল্যাতুলি গ্রামের বাসিন্দা মিয়্যো চাকমার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংগঠন দুটির নেতারা জানান, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট এলাকা থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

তবে জনস্বার্থ ও জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রেখে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁদের ঘোষিত কর্মসূচি চলবে।

সম্পর্কিত সংবাদ