সারাদেশ

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার

⎙ প্রিন্ট
নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার
⌖ পোরশা

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আমিন (৩৮) তাঁর প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে নওগাঁর আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন।

অভিযোগ অনুযায়ী, রোগীর পরিবারের সম্মতি নিয়ে অপারেশনের কথা বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করায়। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়।

মামলার তদন্তে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় পোরশা থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে সরাইগাছী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি ও হাসপাতালটির মালিক মো. আহসান হাবিবকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত সংবাদ