বন ও পরিবেশ

জুলাই যোদ্ধাদের স্মরণে নওগাঁয় সবুজের অঙ্গীকার

প্রিন্ট
জুলাই যোদ্ধাদের স্মরণে নওগাঁয় সবুজের অঙ্গীকার
ছবি: প্রতিনিধি

জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতি ধারণ এবং আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন নওগাঁ’ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বরুন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, মো. নাহিদ হোসেন, মাহফুজা পারভীন ও তানজিলা ইয়াসমিন। এছাড়া পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন, “জুলাই আন্দোলনে যেসব বীর যোদ্ধা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের স্মৃতিকে সবুজের মাধ্যমে বাঁচিয়ে রাখতেই আমাদের এই উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নওগাঁকে একটি আদর্শ ‘গ্রিন নওগাঁ’ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে হবে। শহীদদের আদর্শ ধারণ করে আমাদের এই সবুজায়ন কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলবে।”

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়।

সম্পর্কিত সংবাদ