নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত এক আসামি এবং চুরির অভিযোগে আটক আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সামাদ ভূঁইয়া মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মজিবুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দেওভোগ এলাকার মৃত আলী আকবরের ছেলে।
অন্যদিকে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কয়লাঘাট এলাকায় শাহজাহানের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলী আক্কাস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ফরাজীকান্দা এলাকার মৃত আলী আকবরের ছেলে।
একই দিনে বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলাম সোহান (২৪) গ্রেপ্তার হন। এছাড়া চুরির অভিযোগে বন্দর থানার বাড়িখালী এলাকা থেকে স্থানীয় লোকজন রাকিব (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। রাকিব ওলাক পূর্ব কুশিয়ারা এলাকার হালিম মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।








