দিনাজপুরের ঘোড়াঘাটে অভিনব কৌশলে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করার সময় প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাছসহ আবু তালেব (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রীহরিবিহরি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, নিজ বাড়িতে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ সদস্যের একটি পুলিশ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা খেতের ভেতর থেকে বিশাল আকৃতির দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার মধ্যে একটি গাছের ওজন প্রায় ১২ কেজি এবং অন্যটির ওজন প্রায় ৮ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবু তালেব পুলিশকে জানান যে তিনি গত ৬-৭ মাস ধরে নিজের মাদক সেবন এবং বিক্রির উদ্দেশ্যে অত্যন্ত গোপনে আদা চাষের আড়ালে গাছ দুটির পরিচর্যা করে আসছিলেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদকদ্রব্য অবৈধভাবে চাষ করার অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতের মতো ফসলের আড়ালে এ ধরনের গাঁজা চাষের ঘটনা পুরো এলাকার জন্যই অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১২ ফুট উঁচুদুটি গাছসহ যুবক গ্রেপ্তার








