নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন আগ্রাদ্বিগুন ও শীতলমাঠ বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৭/৯-আর থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুন বাজারের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের মো. দেলোয়ারের ছেলে।
একই দিন রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৪-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে ২২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধামইরহাট ও পত্নীতলা থানায় মামলা দায়ের করে জব্দ মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








