নারায়ণগঞ্জের বন্দরে একটি হোসিয়ারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার সলপের চর এলাকার চিতাশালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের কবল থেকে প্রায় ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। মাত্র চার মিনিটের মধ্যে ভোর ৪টা ৩৪ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৫টা ১২ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। পরে সকাল ৫টা ৩০ মিনিটে ইউনিট দুটি স্টেশনে ফিরে যায়।
অগ্নিকাণ্ডে ১৮×১২ বর্গফুট আয়তনের একটি টিনশেড সেমিপাকা হোসিয়ারি কারখানার শেড, যন্ত্রপাতি, বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।








