বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে, আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম।
বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ৫ কোটি টাকার মালামাল উদ্ধার
বন্দরে তুলার গোডাউনে আগুন, ক্ষতি আড়াই কোটি টাকা








