অপরাধ ও দুর্ণীতি

নওগাঁ সদরে পুলিশের সাফল্য অভিযানে দুই ছিনতাইকারী আটক, মোটরসাইকেল-চাকু উদ্ধার

প্রিন্ট
নওগাঁ সদরে পুলিশের সাফল্য অভিযানে দুই ছিনতাইকারী আটক, মোটরসাইকেল-চাকু উদ্ধার
⌖ নওগাঁ সদর

নওগাঁ সদর উপজেলায় এসি মেরামতের কথা বলে দুই মেকানিককে ডেকে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে নওগাঁর শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেয় অজ্ঞাতনামা তিন ব্যক্তি। সেখানে যাওয়ার পর তাদের মোটরসাইকেলে উঠিয়ে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যাওয়া হয়। পরে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের শার্ট ও প্যান্টের পকেট ধরে টানাটানি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ সম্রাট হোসেন (৩২), পিতা—মোঃ আব্দুল হাকিম, সাং—মশরপুর এবং মোঃ সাগর হোসেন (৩৪), পিতা—মোঃ আলতাব হোসেন, সাং—বরুনকান্দি, উভয় থানা ও জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর একজন আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ