সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আশিক আহমদ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ডান পাশে বসা যাত্রীর দুই হাঁটুর ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়।
গ্রেপ্তার আশিক আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তারাকাল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সাজিবুর রহমান এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা হয়েছে। যার মামলা নম্বর ৪০, তারিখ ৩০ অক্টোবর ২০২৬। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়।








