বন্দরের রেললাইন এলাকায় কর্মস্থলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল ইয়ামিন জয় নামে এক কর্মীর বিরুদ্ধে। আহত সহকর্মীর নাম সিফাত। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, স্ট্রেডফাস্ট প্রতিষ্ঠানে কাজের দায়িত্ব পালন নিয়ে সিফাতের সঙ্গে জয় নামের ওই সহকর্মীর কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার প্রায় এক ঘণ্টা পর জয় এসে সিফাতকে ছুরিকাঘাত করেন। এতে সিফাত গুরুতর আহত হন বলে দাবি করেছেন তাঁর সহকর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক অন্য সহকর্মীরা জানান, কাজে অবহেলা না করার কথা বলায় জয় ক্ষিপ্ত হয়ে তাঁদের সহকর্মী সিফাতের ওপর ছুরি নিয়ে হামলা করেন। পরে তাঁরা দ্রুত আহত সিফাতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এদিকে, আহত সিফাতের সঙ্গে সংবাদকর্মীরা যোগাযোগ করলে তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করে আইনগত প্রতিকার চেয়েছেন বলে জানা গেছে।
বন্দরে তুচ্ছ ঘটনা ঘিরে সহকর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় জিডি দায়ের
বন্দর কলাবাগে, স্ট্রেডফাস্টের এক কর্মীকে আরেক কর্মী ছুরিকাঘাতের অভিযোগ








