নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর ও বদলগাছী থানা পুলিশের পৃথক অভিযানে দুটি চোরাই চার্জারচালিত অটোরিকশা ও ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে আকৃষ্ট করার পর প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পুলিশের একটি দল বদলগাছী থানাধীন বিলাসবাড়ী শর্মাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার আসামি কাজলের দেখানো স্থান থেকে দুটি চোরাই চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাজলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে ছিনতাইয়ের অভিযোগে সিয়াম (১৮) ও রোহিত (১৮) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের ডাকে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হুমায়ুন কবির (৪৫) মোটরসাইকেলযোগে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় পৌঁছান। সেখানে সিয়াম ও রোহিতসহ অজ্ঞাতনামা আরও ১-২ জন তাকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
এ সময় হুমায়ুন কবির বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্তরা মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে হুমায়ুন কবির বদলগাছী থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে অভিযানে নামে।
ঘটনার পর বদলগাছী থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার করেন।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করত। পরে সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।








