গণমাধ্যম

আত্রাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ: আত্মসমর্পণের পর সিফাত মাহমুদ কারাগারে

⎙ প্রিন্ট
আত্রাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ: আত্মসমর্পণের পর সিফাত মাহমুদ কারাগারে
⌖ আত্রাই
নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মো. সিফাত মাহমুদ ফাহিমকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল বাদী হয়ে নওগাঁর ৮ নম্বর আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আত্রাই) মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সিফাত মাহমুদ ফাহিম বিভিন্ন সময় নিজেকে ডিবি, সিআইডি কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করতেন বলে বাদী অভিযোগ করেছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ২৬ এপ্রিল বেলা ১১টার দিকে সিফাত মাহমুদ ফাহিম ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে চেয়ারম্যানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
তবে মামলায় আনা এসব অভিযোগের বিষয়ে সিফাত মাহমুদ ফাহিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সম্পর্কিত সংবাদ