ধর্ম

আজ শুভ মহালয়া, চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে চণ্ডীপাঠ, তর্পণ ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহালয়া।

⎙ প্রিন্ট
আজ শুভ মহালয়া, চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা
⌖ ওসমানী নগর





পিতৃপক্ষের অবসান ঘটিয়ে চণ্ডীপাঠ, তর্পণ ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহালয়া। মহালয়াকে ঘিরে সিলেটের ওসমানীনগরসহ বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ।


মহালয়া উপলক্ষে ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপে শ্রীযুক্ত সীতেশ চক্রবর্তীর বাড়িতে চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়। এতে চণ্ডীপাঠ পরিবেশন করেন পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তী।


চণ্ডীপাঠের তাৎপর্য তুলে ধরে পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তী বলেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই মহালয়া পালিত হয়। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের শুভ সূচনা হয়। দেবী দুর্গার আগমনী বার্তা আজকের দিনেই ধ্বনিত হয়-এটিই মহালয়ার বিশেষ তাৎপর্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজামণ্ডপ কমিটির সভাপতি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, উপদেষ্টা প্রানেশ কুমার দেব, শিমুল চন্দ্র দেব, শিক্ষক অর্জুন দেব, আশিষ চক্রবর্তী বাপ্পী, উপদেষ্টা রাধারঞ্জন দেব রঞ্জু, সহ-সভাপতি মহেশ দেব রজত, সাবেক সাধারণ সম্পাদক অজিত দেব কৃষ্ণ, লিটু দেব, সঞ্জিত দাস, সুমন দেব ও সহসাধারণ সম্পাদক বিভাস দেব। এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস বলেন, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে আনন্দ-উৎসাহ ছড়িয়ে পড়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার সহযোগিতা কামনা করছি।


মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির, ঘাট ও পবিত্র স্থানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে চলছে প্রস্তুতি।

সম্পর্কিত সংবাদ