নানান কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ত্রিশালের উদ্যোগে আলোচনা সভা, নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ এবং নারীদের জন্য বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নারীদের শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সমঅধিকার নিশ্চিত করা এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ১৮ জন নারী উদ্যোক্তার মাঝে ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। অতিথিরা তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন।
পরে উপজেলা পরিষদের মূল ফটকের পাশে নারীদের জন্য নির্মিত বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’ উদ্বোধন করা হয়। এই বিশ্রামাগারটি নারী দর্শনার্থী ও কর্মজীবী নারীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক বিশ্রামের স্থান হিসেবে ব্যবহৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান। পুরো অনুষ্ঠানে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয় এবং নারীদের উন্নয়নে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন