ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের প্রস্তুতিকালে দুইজনকে আটক করে জরুরি ভিত্তিতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত আনুমানিক ১১:৪৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ১নং গেট সংলগ্ন একটি বইয়ের দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে দোকানের পেছনের একটি কক্ষে মাদক সেবনের জন্য প্রস্তুতি নেয়ার সময় দুইজনকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই কক্ষে নিয়মিতভাবে মাদক সেবনের আসর বসত এবং আটক ব্যক্তিরা এ বিষয়টি স্বীকার করেন। স্থানীয়রাও ঘটনার সাক্ষ্য প্রদান করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- জয়নাল আবেদিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনে মোঃ মানিক মিয়া (৩২), পিতা- আব্দুল মতিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহায়তা প্রদান করেন ত্রিশাল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং স্থানীয়দের সহায়তায় মাদকবিরোধী প্রচেষ্টা আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন