গাজীপুরের শ্রীপুরে জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মো. মোজাহিদ, আসাদুজ্জামান আসাদ ও ওমর ফারুক মাহী। অভিযোগে জানা গেছে, রাজাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রউফের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদের নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
ভুক্তভোগী সাংবাদিক মোজাহিদ জানান, বুধবার ওই এলাকায় একটি জমি জবরদখল ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলের তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের বক্তব্য নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে ৫-৬ জন সাংবাদিক সেখানে যান। কাজ শেষ করে ফেরার সময় জাহিদ, আলম, আবুল কাশেমসহ একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে তাদের সঙ্গে থাকা একটি ‘এস ২৫ আল্ট্রা’ মোবাইল ফোন, একটি ‘অপো এ ৫৪’ ফোন এবং একটি ডিজেআই (DJI) মাইক্রোফোন ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শ্রীপুর মডেল থানার এসআই জহিরুলের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, “সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন