পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির নামে গঠিত সংগঠন সিএইচটি সম্প্রীতি জোটের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসার অভিযোগ উঠেছে সংগঠনটির অন্যতম নেতা থোয়াই চিং মং শাকের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, বান্দরবান সদরসহ পার্বত্য এলাকার বিভিন্ন রুট ব্যবহার করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে সিগারেট পরিবহন ও সরবরাহ করা হচ্ছে। এসব অবৈধ সিগারেট বান্দরবানের পাহাড়ি সীমান্ত রুট হয়ে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
অভিযোগ রয়েছে, এসব সিগারেটে নকল বা অবৈধ ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চক্রটি ঢাকা থেকে পরিচালিত হচ্ছে এবং বান্দরবান সদর এলাকার পাচারকারীরা মাঠ পর্যায়ে এটি বাস্তবায়ন করছে।
এই চোরাচালান ও নকল ট্যাক্স স্ট্যাম্প ব্যবহারের কারণে প্রতি বছর সরকার প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি দেশের বৈধ সিগারেট ব্যবসার বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে থোয়াই চিং মং শাকের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সিএইচটি জোটের নাম ভাঙিয়ে অবৈধ সিগারেট ব্যবসা, নেপথ্যে শাক








