রুহিয়ায় উত্তর বঠিনা জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নামাজ পড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এলাকাবাসীর যৌথ উদ্যোগ এবং সরাসরি অংশগ্রহণে এই নির্মাণ কাজের সূচনা হয়। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মসজিদটির অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল। স্থানীয় এলাকাবাসীর আর্থ-সামাজিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টায় মসজিদটির নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়। সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির কর্মকর্তা ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে বিশেষ দোয়ার মাধ্যমে ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন জুয়েল সদস্য ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং সহ-আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নুরুল ইসলাম নুরু সভাপতি ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, আহসান হাবীব মাস্টার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুহিয়া উপজেলা বিএনপি এবং সাবেক সাধারণ সম্পাদক রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, লিয়াকত আলী টিটু দপ্তর সম্পাদক রুহিয়া উপজেলা বিএনপি, মোঃ মহসিন আলী সভাপতি ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল প্রমুখ। উদ্বোধনী পর্বে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাজেদ আলী খাঁন বলেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও অকৃত্রিম ভালোবাসার ফলেই আজ আমরা এই শুভ কাজটি শুরু করতে পেরেছি। এটি শুধু একটি ভবনের ছাদ ঢালাই নয়, বরং আমাদের সামাজিক ঐক্যের প্রতীক। নির্মাণকাজটি দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার দোয়া ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মসজিদের ইমামের পরিচালনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন এবং মসজিদের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।








