প্রয়াত সাংবাদিক হারুন রশিদের মানবিক কাজের স্মৃতিতে অসহায় পরিবারের পাশে নেসার্স ট্রাস্ট
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেছেন, সাংবাদিক হারুন রশিদ ছিলেন অত্যন্ত কর্মচঞ্চল একজন মানুষ। তিনি তাঁর লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছেন। ফেসবুক লাইভের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দাবি ঊর্ধ্বতন মহলে পৌঁছে দিয়েছেন। প্রবাসীদের সহযোগিতায় অসুস্থ মানুষের চিকিৎসায় এগিয়ে আসাসহ সমাজের কল্যাণে অসংখ্য ভালো কাজ করে গেছেন।তিনি বলেন, তাঁর ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আজ একটি অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।
২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের জন্য নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত কামনা করেন।যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে এটি ২৭তম মানবিক প্রকল্প।নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হুশির মিয়া।বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।সভা শেষে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা। এ সময় নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায়দের পাশে নেসার্স ট্রাস্ট








