অদ্য ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
সভায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ বিহার ও ধর্মীয় উপাসনালয়সমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বান্দরবান পার্বত্য জেলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সকলের জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদ্যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। এ সময় তিনি উৎসব উদ্যাপন পরিষদ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত সভায় বান্দরবান জেলা পুলিশের জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); এবং জেলার উর্দ্ধতন কর্মকর্তাগন সহ প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, বিহার পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবারণা পূর্ণিমা উদ্যাপনে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা।








