নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে দিবর ইউনিয়নে ব্যাপকভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগ আসে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পাশাপাশি চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।
পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








