নারায়ণগঞ্জে অনুষ্ঠিত আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন কাজী সাইফ। সাত ম্যাচে ৬.৫ পয়েন্ট অর্জন করে তিনি শিরোপা নিশ্চিত করেন।
প্রতিযোগিতায় ৫.৫ পয়েন্ট করে সংগ্রহ করেন জাবেদ আল আজাদ ও নিলয় দেবনাথ। টাইব্রেকিং পদ্ধতিতে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং নিলয় দেবনাথ দ্বিতীয় রানারআপ হন।
এদিকে চারজন দাবাড়ু সমান ৫ পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিংয়ের ভিত্তিতে ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র চতুর্থ, ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ পঞ্চম, সিয়াম চৌধুরী ষষ্ঠ এবং মোহাম্মদ মোকসেদ খান সপ্তম স্থান অর্জন করেন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু, হেরিটেজ স্কুলের ফাউন্ডার ডিরেক্টর সেলিম মিয়া এবং প্রয়াত আশরাফুর রহমান মিঠুর সহধর্মিণী শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম ও ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর ইসলাম।
নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে আয়োজিত এ আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজন দাবাড়ুসহ মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতা শেষে ১২ জন খেলোয়াড়কে অর্থ পুরস্কার দেওয়া হয়।








