দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার ৩৬টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) এবং অসহায়-দুস্থদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও এবং বিভিন্ন উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে চালের ডিও প্রদান করা হয়। পাশাপাশি সমাজের দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
ঘোড়াঘাটে ৩৬টি পূজামণ্ডপে চালের ডিও ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন








