ঘণ্টার পর ঘণ্টা লাইনে কৃষক, চাহিদার তুলনায় সামান্য সার পেয়ে ক্ষোভ
সরবরাহ বৃদ্ধি, মওজুদদারী ও পাচার বন্ধের দাবি কৃষকের
উখিয়ায় আমন ধান চাষীরা চাহিদা মত সার ডিলার থেকে না পাওয়ার অভিযোগ, সর্বাধিক পরিমাণ চাষ করা কৃষক ৬-৭ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সার পাই ১০ কেজি অর্থাৎ চাহিদা অনুযায়ী ৫-১০গুণ পরিমাণ সার কম পাচ্ছে কৃষকেরা। সারের বরাদ্দ বৃদ্ধি হলেও চাষীরা চাহিদার তুলনায় সামান্য সার পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু আমন ধানের মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় জমিতে প্রয়োজনমতো সার প্রয়োগের অভাবে উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতির সম্ভাবনা রয়েছে। চাহিদার তুলনায় অল্প পরিমাণ সার পাওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। খবর পেয়ে ছুটে যান উখিয়া উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ ও কৃষি অফিসার কামনা শীষ রায়। তারা ডিলার ও কৃষকদের সাথে কথা বলেন এবং পরামর্শ দেন।এ সময় কৃষকেরা দাবি জানান, সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা যতদ্রুত সম্ভব স্বাভাবিক করার দাবি জানান।পাশাপাশি বরাদ্দের প্রকৃত চাহিদা বৃদ্ধি করে পর্যাপ্ত সার ন্যায্য মূল্যে বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বার্মা তথা আরকান রাজ্যে সার পাচার বন্ধ করার দাবি জানান। এদিকে অবৈধ মজুতদারীদের চিহ্নিত করে জরিমানা ও আইন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। অতি দ্রুত সার সরবরাহ স্বাভাবিক ও ডিলারদের মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে আমন ধানের চাষাবাদ মারাত্মক হুমকির মুখে পড়বে এবং খাদ্য ঘাটতির আশংকা ও সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।








