আইন আদালত

ফরিদপুরে পরিত্যক্ত ভবনে রিভলবার-গুলি পরে অস্ত্র-মাদকসহ আটক ১

⎙ প্রিন্ট
ফরিদপুরে পরিত্যক্ত ভবনে রিভলবার-গুলি পরে অস্ত্র-মাদকসহ আটক ১
সংগৃহীত
⌖ ফরিদপুর সদর
ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি, দুটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ও সকালে কোতোয়ালি থানার উত্তর কালীবাড়ি ও নীলটুলি এলাকায় এসব অভিযান চালানো হয়। মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১০।
এসআরবি-১০-এর দেওয়া তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এরপর সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে সাফায়েত আহমেদকে আটক করা হয়। তিনি কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার বাসিন্দা এবং মৃত বশির আহমেদের ছেলে।
এসআরবি-১০ জানায়, সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি ও একটি ট্রেজার গান উদ্ধার করা হয়। এ ছাড়া ২৫ রাউন্ড গুলির খোসা, ১০টি ইয়াবা ট্যাবলেট, সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ এবং সেনাবাহিনীর একটি কোমরবন্ধনী জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানিয়েছে, সাফায়েত দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ সাফায়েত আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। অভিযানের বিষয়ে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন মো. শাহরিয়ার রিফাত অভি, (এক্স), বিএন।

সম্পর্কিত সংবাদ