নির্বাচন

এনআইডির জন্মতারিখ সংশোধনে কড়াকড়ি, অনলাইনে যাচাইযোগ্য সনদে গুরুত্ব

⎙ প্রিন্ট
এনআইডির জন্মতারিখ সংশোধনে কড়াকড়ি, অনলাইনে যাচাইযোগ্য সনদে গুরুত্ব

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জন্য জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টির নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। বাকি ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের হিসাবে, নিষ্পত্তি হওয়া আবেদনগুলোর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি বিভিন্ন কারণে বাতিল হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তিসংগত ভিত্তি না থাকা, নথিপত্রে অসংগতি এবং একই উদ্দেশ্যে একাধিকবার আবেদন করার মতো বিষয়গুলো যাচাই করা হচ্ছে। কমিশনের হিসাবে প্রতি মাসে নতুন করে প্রায় ৮০ থেকে ৯০ হাজার সংশোধনের আবেদন জমা পড়ে। ফলে পুরোনো আবেদন নিষ্পত্তির পাশাপাশি নতুন আবেদনের চাপও রয়েছে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংশোধনের কাজ দ্রুত করার পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো এবং জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাসনদ ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আবেদন নিষ্পত্তি মানেই সব আবেদন অনুমোদিত হয়েছে, এমন নয়। বাতিল হওয়া আবেদন মোট নিষ্পত্তির হিসাবেরই অংশ। 

সম্পর্কিত সংবাদ