পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরির চেক বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী ও তিন পরিবারকে দুই বান করে ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে গৃহ মঞ্জুরির চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কোনো দল-মত দেখা হবে না। যিনি পাওয়ার যোগ্য, তাকেই সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা দলীয় সরকার নই, জনগণের সরকার। আমি মনে করি, সমস্ত ভোটার আমাকে ভোট দিয়েছেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে ভোট দেননি—এসব নিয়ে বিচার-বিশ্লেষণ করার মানসিকতা আমার নেই।’
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ‘আপনারা ভোট দিয়েছেন, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই সকল ভোটারকে সমানভাবে দেখার দায়িত্ব আমার।’
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








