ডামুড্যায় ডেঙ্গুতে ১৯ বছরের যুবকের মৃত্যু, হিমোগ্লোবিন নেমেছিল ৪.৮-এ
শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরাত মৃধা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তার হিমোগ্লোবিনের মাত্রা ছিল মাত্র ৪ দশমিক ৮ গ্রাম/ডেসিলিটার।
এসময় তার শ্বাসকষ্টও ছিল তীব্র।রবিবার (৪ অক্টোবর) বিকেলে ৪টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরাত মৃধা ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের এতিমখানা এলাকার রুবেল মৃধার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বরাতের জ্বর শুরু হয়।
প্রথমদিকে পরিবারের সদস্যরা এটিকে সাধারণ জ্বর মনে করেন। পরে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে তাকে খাওয়ানো হয়। রবিবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়।
অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে তার শ্বাসকষ্ট আরো বেড়ে গেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বরাতের খালা বলেন, ‘চার-পাঁচ দিন ধরে তার জ্বর ছিল।
প্রথমে সাধারণ জ্বর মনে করে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। রবিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসকেরা জানান, তার শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গেছে। তারা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু পথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’স্থানীয় ইউপি সদস্য আবু বকর বলেন, ‘বরাত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। প্রথমে বিষয়টি সাধারণ জ্বর মনে হওয়ায় পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে চিকিৎসা করান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত আসপিয়া এলিজা মোবাইল ফোনে বলেন, ‘হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তার হিমোগ্লোবিনের মাত্রা ছিল ৪ দশমিক ৮ গ্রাম/ডেসিলিটার। পাশাপাশি তার তীব্র শ্বাসকষ্ট ছিল। তাকে আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অন্য হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’
ডামুড্যায় ডেঙ্গুতে ১৯ বছরের যুবকের মৃত্যু, হিমোগ্লোবিন নেমেছিল ৪.৮-এ
শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরাত মৃধা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তার হিমোগ্লোবিনের মাত্রা ছিল মাত্র ৪ দশমিক ৮ গ্রাম/ডেসিলিটার।








