২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার স্বীকৃতিস্বরূপ জান্নাতুল ফাইজা রোজা বাংলাদেশ পুলিশের ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার কাছ থেকে সে সম্মাননার সার্টিফিকেট নেয়।
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট যশোরের পুলিশ সুপার শিক্ষার্থীদের হাতে তুলে দেন। রোজার পাশাপাশি পুলিশ পরিবারের আরও বহু মেধাবী ছাত্রছাত্রী এই সম্মাননা গ্রহণ করে।
মো. নূর ইসলামের মেয়ে জান্নাতুল ফাইজা রোজার সার্টিফিকেটে লেখা আছে, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ অর্জন এবং অসাধারণ শিক্ষাগত কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট তাকে এই পুরস্কার দিয়েছে। তার নামাঙ্কিত ক্রেস্টেও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, “তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আমি আশা করি, তোমরা ভবিষ্যতেও এই ভালো ফলাফল অব্যাহত রাখবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বক্তব্য শেষে তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
যশোরে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় পুলিশ সম্মাননা পেল জান্নাতুল ফাইজা রোজা
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার স্বীকৃতিস্বরূপ জান্নাতুল ফাইজা রোজা বাংলাদেশ পুলিশের ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে।








