প্রশাসন

ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ায় এসআই প্রত্যাহার

নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

⎙ প্রিন্ট
ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ায় এসআই প্রত্যাহার
ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ায় এসআই প্রত্যাহার


নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। 
পুলিশের দাবি, আসামিকে গ্রেপ্তারের কারণে নয়, বরং প্রথম দফায় গ্রেপ্তার অভিযানে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভান্ডারপুর বাজারে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। এসআই অসিত কুমারের ভাষ্য, ওই সময় রাকিবুল অন্য একটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআই অসিত কুমার বলেন, প্রথম দফার অভিযানে তাঁকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি অবগত নন। অন্যদিকে রাকিবুলের মা রেহেনা পারভিন জানান, তিনি পুলিশ সুপারের কাছে এ ধরনের কোনো অভিযোগ করেননি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, প্রথম অভিযানে আসামিকে পেয়েও রেখে আসার অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার রাকিবুল হাসানকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার কারণে এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে আরও সতর্ক থাকা উচিত ছিল।

সম্পর্কিত সংবাদ