জনস্বাস্থ্য ও দেশের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেল আবাসস্থলে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিনের প্রাপ্যতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। আলোচনায় দেশের উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জনবল তৈরি ও তাদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় উঠে আসে। স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমন্বিত একটি ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রীর বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়। একই দিনে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।








