বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, নদী ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় কারিগরি জ্ঞান বিনিময়ে নেদারল্যান্ডসের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ সরকার।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে নদীভাঙন, বন্যা, ভূমি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসের ভূমি পুনরুদ্ধার ও পানি নিয়ন্ত্রণের অভিজ্ঞতার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। নেদারল্যান্ডসের মন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পক্ষে মত দেন। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হলেও এখনো কোনো চূড়ান্ত অর্থায়ন চুক্তি বা প্রকল্প বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হয়নি। সম্ভাব্যতা সমীক্ষা এবং দুই দেশের পরবর্তী আলোচনার ওপর সহযোগিতার ধরন নির্ভর করবে।








