বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পৌর যুবদল নেতা পলাশ বীন আশরাফীর ব্যাক্তিগত সংবাদ সম্মেলন
মোঃ জাকির হাসান জিমিবিরামপুর উপজেলা প্রতিনিধিদৈনিক উন্নয়নে বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ পলাশ বিন আশরাফীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিরামপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন মোঃ পলাশ বিন আশরাফী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুর রব তোতা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সাদেকুল ইসলাম, মোঃ হাজ্জাজুর রহমান সিহাব ও মোঃ শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পলাশ বিন আশরাফী বলেন, “আমি সারাজীবন ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমি বিন্দুমাত্র পিছপা হই না।” তিনি দাবি করেন, বিরামপুরে মাদকবিরোধী আন্দোলনের সূচনালগ্নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, তার জনপ্রিয়তা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একটি মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ কারণেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
নিজের বিরুদ্ধে মাদক কারবারিদের সহযোগিতা, মাদক বিক্রিতে সহায়তা ও আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ প্রসঙ্গে পলাশ বিন আশরাফী বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিরামপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি কেমন মানুষ, তা বিরামপুরবাসীই ভালো জানেন। আমি মাদকবিরোধী আন্দোলন করেছি এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।”
তিনি জানান, বিরামপুরের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং তাদের খেলাধুলামুখী করতে ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছেন। সংশ্লিষ্ট একটি কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।
ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে কয়েকটি আইডির বিরুদ্ধে বিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও সংবাদ সম্মেলনে জানান পলাশ বিন আশরাফী। তার বক্তব্য অনুযায়ী, ‘মোস্তাফিজুর রহমান ফিজুল’ (সাবেক ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন), ‘তৃণমূলের কণ্ঠস্বর’ এবং ‘মেজবাউল আলম’ নামীয় ফেসবুক আইডির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন।
পলাশ বিন আশরাফী বলেন, “বেশ কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তাই এর প্রতিবাদ জানাতেই আজকের এই সংবাদ সম্মেলন।”
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনের পরও যদি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রংপুরের একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন বলেও তিনি জানান।
রাজনৈতিক প্রসঙ্গে পলাশ বিন আশরাফী বলেন, দলীয়ভাবে তাকে মনোনয়ন দেওয়া হলে আগামীতে বিরামপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করার প্রত্যাশা রয়েছে তার। এবং সকল প্রকার প্রস্তুতিও রয়েছে।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকব, ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান রক্ষা করার মালিকও তিনি। অপপ্রচার করে কেউ আমার আদর্শ ও কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না।”
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অপপ্রচার এর প্রতিবাদে পৌর যুবদলে সদস্য সচিব তার ব্যাক্তিগত সংবাদ সম্মেলন








