নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভা বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। সভা আয়োজনে বৈষম্য, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হওয়ার পরপরই আয়োজনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিকেরা। একপর্যায়ে ওসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ সভাস্থল ত্যাগ করেন তাঁরা।
সভা বর্জনকারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, মো. এনামুল কবির এনাম, মো. শহীদুল ইসলাম, মো. ফারুক হোসেন, মুজাহিদ হোসেন, মো. ফিরোজ হোসেন, মো. রবিউল ইসলাম, মো. আবু রাইহান লিটন, মো. রুহুল আমিন, ফজলে রাব্বি ও রফিকুল ইসলাম হিমু।
এ ছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. রকি হোসেন এবং সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছে। অতীতে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তারা কিংবা জেলা পুলিশ প্রশাসন সাংবাদিকদের মধ্যে এ ধরনের বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি করেননি।
তাঁরা জানান, এর আগে স্থানীয় সব গণমাধ্যমকর্মীকে একসঙ্গে নিয়ে উন্মুক্ত পরিবেশে মতবিনিময় সভার আয়োজন করা হতো। কিন্তু এবার সাংবাদিকদের পৃথকভাবে আমন্ত্রণ জানিয়ে সভা আয়োজনের ঘটনায় তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সাংবাদিকদের দাবি, গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবার সঙ্গে সমান ও পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন সাংবাদিক ও পুলিশ প্রশাসনের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
এ বিষয়ে বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আগের দিন সাংবাদিকদের একটি দলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার অন্য একটি দলের সঙ্গে মতবিনিময় চলাকালে তাঁরা অসন্তোষ প্রকাশ করে সভা বর্জন করেন।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তিনি।
এদিকে মতবিনিময় সভা বর্জনের ঘটনাকে কেন্দ্র করে বদলগাছীর স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকেরা প্রশাসনের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে ভবিষ্যতে সব গণমাধ্যমকর্মীর প্রতি সমান আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।








