বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে পথযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর বিরামপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে পথযাত্রাটি বের হয়ে বিরামপুর ঢাকা মোড় গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু এবং পৌর যুবদলের সদস্যসচিব পলাশ বিন আশরাফী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রব তোতা, সদস্যসচিব আরিফুর রহমান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সফিকুর রহমান দুলাল ও সদস্যসচিব মো. অমি চৌধুরী।
এ সময় বিরামপুর উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জিয়া সাইবার ফোর্স, বিরামপুর উপজেলা শাখার নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে এবং দুষ্কৃতকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।








