সারাদেশ

বিলাইছড়িতে মহাষ্টমীর পূজা মণ্ডপে জোন কমান্ডার: সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

⎙ প্রিন্ট
বিলাইছড়িতে মহাষ্টমীর পূজা মণ্ডপে জোন কমান্ডার: সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান


মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি। 
রাঙামাটির বিলাইছড়ি বাজারস্থ শ্রী শ্রী করুণাময়ী কালী বাড়ি মন্দিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬-এর মহাষ্টমীর অনুষ্ঠান শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায় ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর আমেজ এবং সম্প্রীতির অনন্য এক চিত্র।
অনুষ্ঠানে বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি (অধিনায়ক, ২৯ বীর) পরিবারসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। মণ্ডপে পৌঁছালে তাঁকে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান এবং অনুষ্ঠান চলাকালে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটির হাতে ৫ পাউন্ডের একটি শুভেচ্ছা কেক উপহার তুলে দেন। রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিলাইছড়ি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ওসমাণ গনি, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২৯ বীর-এর সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, পিএসসি, মেজর মোঃ সাকিব হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন উৎসুক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান শেষে রাত ১০:৪৫ মিনিটে প্রধান অতিথির বিদায়ের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি শেষ হয়। মন্দির চত্বরে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পর্কিত সংবাদ