টাঙ্গন নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ও রাজাগাঁও ইউনিয়নসংলগ্ন টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। দিন-রাত বালু উত্তোলনের ফলে নদীভাঙন, কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হলেও তা বন্ধে দৃশ্যমান উদ্যোগ নেই। বালুঘাট পরিচালনার নামে অর্থ লেনদেন ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এলাকাবাসীর দাবি, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদীতীর ভাঙনের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বালুবাহী ট্রাক্টর চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালুতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অবৈধ বালু উত্তোলন বন্ধ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদী ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।








