শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে লাহিড়ী বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী মো. ফাহিম ইসলামকে এ জরিমানা করা হয়। তার বিরুদ্ধে লাইসেন্স ছাড়া সার বিক্রি ও মজুদ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্যাশমেমো ব্যবহার না করার অভিযোগ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মো. ফাহিম ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, কোনো ধরনের লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে সার মজুদের কারণে দোকান থেকে মোট ১০৫ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৩৭ বস্তা এমওপি, ১৭ বস্তা টিএসপি এবং ৫১ বস্তা ডিএপি সার রয়েছে।
পরে জব্দ করা সার ঘটনাস্থলেই স্থানীয় প্রকৃত কৃষক ও কৃষি কার্ডধারীদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ পরদিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
অভিযানের সময় উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








