নীলফামারীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ নীলফামারী সার্কেলের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এস এম মাহবুবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার এবং জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।
সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে: ঈদে ভিজিলেন্স টিম গঠন, ফিটনেস ও রুটপারমিট বিহিন যানবাহন চলাচল বন্ধ রাখা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, সড়কের পাশে ভাসমান বাজার উচ্ছেদ, এবং মেডিকেল টিম গঠন। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল জানান, ঢাকা থেকে আসা দূরপাল্লার বাসগুলো প্রতিদিন মধ্যরাতে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে থামাবে, এবং এখান থেকে যাত্রীরা গন্তব্যে যাবেন; যেখানেই যাত্রী নামানো হবে না। এছাড়াও রাতের বেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান বলেন, ঈদের পরে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ফিটনেস ও রুটপারমিট বিহিন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তা বাস্তবায়ন করা হবে এবং প্রশাসন, পুলিশ, মালিক ও শ্রমিকদের সহযোগিতায় ঈদ আনন্দমুখর ও নিরাপদভাবে উদযাপিত হবে।
আপনার মতামত লিখুন