পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিযান’-এর উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে লালমনিরহাট ট্রেইনিং স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিএনপি কলোনি সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মমিনুল হক বলেন,
"পরিবেশের নানামুখী বিপর্যয় থেকে রক্ষা পেতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানো। ‘অভিযান’ কেবল একটি সংগঠন নয়, এটি সামাজিক দায়বদ্ধতা থেকে লালমনিরহাটের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ শহরকে সবুজ ও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন। দিকনির্দেশনা ও সার্বিক সমন্বয় প্রদানকালে তিনি বলেন,
"আমরা বিশ্বাস করি-শুধু গাছ রোপণ করলেই সামাজিক দায়িত্ব শেষ হয়ে যায় না। চারাগুলো যাতে বড় হয়ে পরিবেশের উপকারে আসতে পারে, সে জন্য এগুলোর নিবিড় যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 'অভিযান' পরিবার সবসময় লালমনিরহাটের পরিবেশ ও মানবিক কল্যাণে সচেষ্ট রয়েছে এবং আগামীতেও এ ধরণের সামাজিক ও টেকসই কার্যক্রম অব্যাহত থাকবে।"
কর্মসূচিতে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম ওয়াহেদুজ্জামান অদু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এহতাশামুল কবির লেমন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম অন্তু, প্রচার সম্পাদক শামসুল হক, কার্যকরী সদস্য মোহতাসানুল আলম কালাম, মোহতারুল ইসলাম বিদ্যুৎ, রাশেদুল খন্দকার বাবু এবং সাধারণ সদস্য অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
কর্মসূচিশেষে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তার আশ্বাস দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। স্থানীয় সাধারণ মানুষ ‘অভিযান’-এর এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগের
ভূয়সী প্রশংসা করেছেন।
আপনার মতামত লিখুন