টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিকল্পিত পর্যটন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ। কর্মসূচি থেকে হাওরাঞ্চলের সড়ক সংস্কার, নিরাপদ যাতায়াত ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন পর্যটন স্পটসহ মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিষদের সাত দফা দাবির মধ্যে রয়েছে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিকল্পিত ও টেকসই পর্যটনব্যবস্থা গড়ে তোলা এবং প্লাস্টিক, পলিথিন, বোতল ও মানববর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি হাওরবাসীর পর্যটনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন স্পটে উন্নত ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং নৌযান ও ঘাট ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশার বিভিন্ন এলাকার বাসিন্দারা দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা এবং প্রয়োজনীয় সেতু ও কালভার্টের অভাবে বর্ষায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জের দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
তাদের মতে, এ অঞ্চলের পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে টেকসই যোগাযোগব্যবস্থা প্রয়োজন। হাওরের পরিবেশ অক্ষুণ্ন রেখে পর্যটন পরিচালনা করা গেলে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
কর্মসূচিতে বক্তব্য দেন পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ সাইদুল হক চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন কবীর লস্কর এবং সহসভাপতি হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার ও ইন্তেশার আহমেদ চৌধুরী।
স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন তালুকদার, সহসভাপতি ডাক্তার সাইদুর রহমান জিয়া, সার্জেন্ট (অব.) মুসাব্বির হুসাইন ও সাংবাদিক আশরাফুল ইসলাম হিল্লোল।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ চৌধুরী, পর্যটন বিষয়ক সম্পাদক এ এস এম কামরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সারোয়ার খান ফারুক, অর্থ সম্পাদক এসতাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শিপলু এবং ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রমজান আলী।
আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান দুলাল এবং আজীবন সদস্য মিসবাহ উদ্দিন, হাজী মো. ফারুক খান, বাসুদেব ও সিরাজুল ইসলাম।
পরিষদের নেতারা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান। তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপদ ভ্রমণ এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
টাঙ্গুয়ার হাওর রক্ষায় সাত দফা দাবিতে মানববন্ধন
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: 13 সেপ্টেম্বর 2026, 18:39 আপডেট: 13 সেপ্টেম্বর 2026, 19:45 5 মিনিটে পড়ুন
20 বার পড়া








