সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের চেকপোস্টের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে বালুভর্তি একটি ট্রাক আটক করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক মো. আবুল কাশেমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজসংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ঢাকা মেট্রো-ট-২২১২০৯ নম্বরের একটি টাটা খোলা ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো ভারতীয় গার্ডোর সাফারি চকলেট, সোবিস্কো বিস্কুট, বেনজো চকলেট, নেসলে মাঞ্চ চকলেট, ক্লাসিক সোন পাপড়ি, আমুল কুল জুসসহ বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেমের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার ফতেপুর এলাকায়। তিনি ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় ২ নভেম্বর এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৪। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।








