অপরাধ ও দুর্ণীতি

পত্নীতলায় পুলিশের মধ্যরাতের অভিযানে চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

প্রিন্ট
পত্নীতলায় পুলিশের মধ্যরাতের অভিযানে চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার
⌖ পত্নিতলা

নওগাঁর পত্নীতলায় পুলিশের মধ্যরাতের ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ফার্নিচারের ঘর থেকে একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিনসহ কয়েক লক্ষ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অবগত হলে তিনি দ্রুত চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর গভীর রাতে পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে শ্রী সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার।

পুলিশ জানায়, ১১ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিটের দিকে এসব মালামাল উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ