উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নওগাঁর ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দর্শকরা উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়নশিপে নওগাঁ জেলার ১১টি পুরুষ ও ৩টি নারী দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পুরুষ বিভাগে মান্দা থানার দল এবং নারী বিভাগে নওগাঁ সদর মডেল থানার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এবং জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার পরামর্শক্রমে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার অনূর্ধ্ব-২০ বছর বয়সী মেধাবী ও উদ্যমী নারী-পুরুষ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। খেলোয়াড়দের নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্সও মূল্যায়ন করা হয়।
ফাইনাল খেলা দেখতে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার দর্শক নওজোয়ান মাঠে উপস্থিত হন। বিপুল দর্শক সমাগমে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং সমাজে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও জোরদার হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।








